ইলিশ চায় ভারত
ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছেন ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ।
তিনি বুধবার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হকের সঙ্গে বৈঠকে ইলিশ রপ্তানি বন্ধের বিষয়টি তুলে ধরেন।
ভারতে ইলিশের জনপ্রিয়তার বিষয়টি তুলে ধরে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নতুন সরকারের মন্ত্রীর প্রতি অনুরোধ জানান রাষ্ট্রদূত।
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বুধবার বৈঠকে পঙ্কজ শরণ। এদিন তিনি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের সঙ্গেও বৈঠক করেন।
ছায়েদুল হক এই বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, দেশের চাহিদা ভালোভাবে মেটানোর জন্য সাময়িক এই নিষেধাজ্ঞা।
গত বছরের জুলাইয়ে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করে সরকার। মাছের দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা এই দাবি জানিয়েছিল।
জাতীয় মাছ ইলিশ রপ্তানি করে বাংলাদেশ বছরে প্রায় ৩০০ কোটি টাকা আয় করে।
