হত্যা করে ‘ইউসুফ ভাই জিন্দাবাদ’ স্লোগান
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির একেএম ইউসুফের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন প্রসিকিউশনের এক সাক্ষী।
সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ২২তম সাক্ষী যুগল কৃষ্ণ দাশ।
সাক্ষ্যে তিনি জানান, ১৯৭১ সালের ১৩ মে বাগেরহাটের সদর থানাধীন রনজিতপুর গ্রামে হামলা চালায় ইউসুফের নেতৃত্বে গঠিত রাজাকার বাহিনী। ওই আক্রমণে তার ছোট চাচা সনাতন দাশসহ অন্তত ৫০-৬০ জন লোককে হত্যা করা হয়।
যুগল বলেন, “ওই গ্রামে সশস্ত্র রাজাকাররা প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা তাণ্ডব চালিয়ে ফিরে যাওয়ার সময় ‘পাকিস্তান জিন্দাবাদ, ইউসুফ ভাই জিন্দাবাদ’ বলে স্লোগান দেয়।”
এসময় তিনি ওই গ্রামের পাশে নদীর পাড়ে ঝোপ-জঙ্গলে লুকিয়ে ঘটনাটি দেখেন বলে জানান।
আনুমানিক ৬২ বছর বয়সী কৃষিজীবী এই সাক্ষী বলেন, ১৩ মে ইউসুফের নেতৃত্বে সশস্ত্র রাজাকার বাহিনী গ্রামে ঢুকে গুলি করা শুরু করলে নিরপরাধ মানুষের চিৎকার শোনা যায়। প্রায় তিন ঘণ্টা রনজিতপুর তাণ্ডব চালিয়ে রাজাকাররা ফিরে যাওয়ার সময় ‘পাকিস্তান জিন্দাবাদ, ইউসুফ ভাই জিন্দাবাদে’ বলে স্লোগান দিয়ে চলে যায়।
এসময় আত্মগোপন থেকে বেরিয়ে এসে গ্রামে ঢুকলে রাস্তার পাশে অনেক লাশ দেখতে পান যুগল। সেখানে উপস্থিত লোকজনের কাছে জানতে পারেন আনুমানিক ৫০-৬০ জনকে গুলি করে মেরেছে রাজাকাররা।
এছাড়া স্কুলের মাঠে ৮-১০ জনের লাশ এবং নিজেদের পুরোনো বাড়ির কাছে ছোট কাকা সনাতন দাশের লাশ পড়ে থাকতে দেখেন বলে জানান এই সাক্ষী।
তিনি জানান, গোবিন্দ দাশ, কানাই দাশ, কনিক দাশ, কালিপদ দাশ, রাধা কান্ত দাশ, নকুল দাশ ও গণেশ দাশসহ আরো অনেকের লাশও ছিলো সেখানে।
এই হত্যাকাণ্ডে নিহত ২৪ জনের নামে রনজিতপুর স্কুল মাঠে একটি স্মৃতিফলক রয়েছে বলেও জানান যুগল কৃষ্ণ দাশ।
সাক্ষ্য দেয়া শেষ হলে এ সাক্ষীকে জেরা করেন ইউসুফের আইনজীবী মিজানুল ইসলাম। এরপর পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য মঙ্গলবার দিন ঠিক করে ট্রাইব্যুনাল মুলতবি ঘোষণা করা হয়।
