২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন আরো ৩ সাংসদ

দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনঃভোটে বিজয়ী আরো তিন সংসদ সদস্য শপথ নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

সৌরভ হোসেন সিয়াম. নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 05:35 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

সোমবার বিকেলে সংসদ ভবনের স্পিকারের কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পাঠ করান।

তারা হলেন- বগুড়া ৭ আসনে নির্বাচিত জাতীয় পার্টির প্রার্থী মুহম্মদ আলতাফ আলী এবং আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী গাইবান্ধা-৪ আসনের আবুল কালাম আজাদ ও যশোর-৫ আসনের স্বপন ভট্টাচার্য।

সংসদ সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় ডেপুটি স্পিকার শওকত আলী এবং সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও সাবের হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটের পর ৮ জানুয়ারি ২৯০ জনকে সাংসদ ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এরপর গত বৃহস্পতিবার যশোর-৫, বগুড়া-৭, গাইবান্ধা-১, গাইবান্ধা-৩, গাইবান্ধা-৪, দিনাজপুর-৪ এবং লক্ষ্মীপুর-১ আসনে পুনঃভোট হয়।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন গোলযোগ হওয়ায় এসব আসনের অনেকগুলো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রেখেছিল ইসি।

এই সাত আসনের মধ্যে আওয়ামী লীগ তিনটি, জাতীয় পার্টি একটি, স্বতন্ত্র দুটি ও তরিকত ফেডারেশন একটি আসনে জয় পায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই আসনে জয় পাওয়ায় একটি আসন ছেড়ে দেন; ফলে ৯ জানুয়ারি থেকে চার দফায় মোট ২৯৬ জন শপথ নেন।

এপর্যন্ত নির্বাচন সম্পন্ন হওয়া ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ ২৩৪টি, জাতীয় পার্টি ৩৪টি, ওয়ার্কার্স পার্টি ৬টি, জাসদ ৫টি, তরিকত ২টি, জেপি ও বিএনএফ একটি করে এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৬টি আসন পেয়েছে।

যশোর-১ ও যশোর-২ আসনের ফল প্রকাশ হলেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকায় গেজেট প্রকাশ স্থগিত রেখেছে ইসি।

এদিকে জাতীয় সংসদের বাকী ৪টি আসনের মধ্যে রংপুর-৬ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

কুড়িগ্রামের একটি আসনে নির্বাচন স্থগিত আছে।

এছাড়া যশোর ১ ও যশোর ২ আসনে নির্বাচন হলেও বিজয়ী প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকায় ফলাফল স্থগিত রাখা হয়েছে।