২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইশতেহারের আলোকে কর্মপরিকল্পনার নির্দেশনা

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের আলোকে অগ্রাধিকার দিয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণে মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 05:02 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, “বিগত সরকারের আমলে (৬ জানুয়ারি ২০০৯ থেকে ৩১ ডিসেম্বর ২০১৩) মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের হারে সন্তোষ প্রকাশ করেছে মন্ত্রিসভা।”

বিগত প্রায় পাঁচ বছরে মন্ত্রিসভা এক হাজার ৫০৮টি সিদ্ধান্ত গ্রহণ করে এবং বাস্তবায়ন করে এক হাজার ৪২৭টি। বাস্তবায়নের হার ৯৪ দশমিক ৬৩ শতাংশ।

কর্মপরিকল্পনার জন্য দুটি তালিকা তৈরি করতে মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, “গত পাঁচবছরের অভিজ্ঞতা (উপস্থান, সিদ্ধান্ত নেয়া এবং বাস্তবায়ন) এবং বর্তমান নির্বাচিত সরকারের ইশতেহারের আলোকে মন্ত্রণালয় এবং বিভাগগুলো একটি কার্যক্রমের তালিকা প্রস্তুত করবে।”

“প্রথম কাজ হবে ইশতেহারের আলোকে কর্মসূচি, প্রকল্প, নতুন আইন বা আইন সংশোধন, কর্মকৌশল- ইত্যাদির বিষয়ে তালিকা করতে হবে।”

“দ্বিতীয় কাজ- একটি অগ্রাধিকারমূলক তালিকা অর্থাৎ যে কাজ আগে করতে হবে এবং তা হবে ‘টাইম বাউন্ড একশন প্ল্যান’ বা সময়াবদ্ধ কর্মপরিকল্পনা।”

মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে ২০১৩ সালের চতুর্থ ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর) প্রতিবেদনে মন্ত্রিসভা সন্তোষ প্রকাশ করেছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

৬ জানুয়ারি ২০০৯ থেকে ৩১ ডিসেম্বর ২০১৩ এবং ১০ অক্টোবর ২০০১ থেকে ০৩ অক্টোবর ২০০৬ সময়ে সরকারের মন্ত্রিসভা বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের তুলনামূলক চিত্র তুলে ধরেন তিনি।

৬ জানুয়ারি ২০০৯ থেকে ৩১ ডিসেম্বর ২০১৩ পর্যন্ত সরকারের সময়ে মন্ত্রিসভা মোট ২২৮টি বৈঠক করে, সিদ্ধান্ত গৃহীত হয় এক হাজার ৫০৮টি, বাস্তবায়িত সিদ্ধান্ত এক হাজার ৪২৭টি (৯৪.৬৩%), নীতি বা কর্মকৌশল ৪৯টি, চুক্তি ১১৮টি এবং পাশকৃত আইনের সংখ্যা ২৭১টি।

১০ অক্টোবর ২০০১ থেকে ০৩ অক্টোবর ২০০৬ এর সরকারের সময়ে মন্ত্রিসভা মোট ২০৮টি বৈঠক করে, সিদ্ধান্ত গৃহীত হয় ৭৪৫টি, বাস্তবায়িত সিদ্ধান্ত ৬১১টি (৮২%), নীতি বা কর্মকৌশল ২৭টি, চুক্তি ৬৮টি এবং পাশকৃত আইনের সংখ্যা ১৭৫টি।