মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াত নেতা নিহত
মেহেরপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নাশকতার মামলার আসামি এক জামায়াত নেতা নিহত হয়েছেন।
সোমবার ভোর ৪টার দিকে সদর উপজেলার বন্দর শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারেক মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৬) জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ছিলেন।
মেহেরপুরের পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানান, রাজনৈতিক সহিংসতা ও বিস্ফোরক আইনের নয় মামলার আসামি তারেককে রোববার বিকালের দিকে মেহেরপুর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ভোরের দিকে পুলিশের একটি দল তাকে নিয়ে অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে।
“তারা শ্মশানঘাট এলাকায় গেলে সেখানে থাকা তারেকের সমর্থকরা হামলা চালায়। পুলিশ পাল্টা জবাব দিলে শুরু হয় বন্দুকযুদ্ধ। এ সময় ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় তারেক।”
তার লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
