২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি প্রবাসে

জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ও হরকাতুল জিহাদকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সেভাবে সরকারি সিদ্ধান্তে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 08:57 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

শনিবার সকালে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলন থেকে নির্বাচন পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবিও ওঠে।

সেখানকার ফুডকোর্টের মিলনায়নে এ অনুষ্ঠান আয়োজন করে ‘ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমক্র্যাটিক বাংলাদেশ’।

যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির পর বিএনপির মদদে দেশ জুড়ে তাণ্ডব চালানো জামায়াত-শিবিরকে প্রতিহত ও নির্মূলে দেশ ও প্রবাসের সব বাঙালিকে এক থাকতে হবে বলে মত দেন আয়োজকরা।

সংগঠনটির সেক্রেটারি ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের প্রেসিডেন্ট জাকারিয়া চৌধুরী বলেন, “বাংলাদেশের নাগরিক হিসেবে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি থাকলে, ওই সব এসপি, ডিসি, ইউএনওদেরকেও শায়েস্তা করতে হবে।”

আয়োজক সংগঠনের সভাপতি ও নিউ জার্সির প্লেইন্স বরো সিটির কাউন্সিলম্যান নূরন্নবী বলেন, “ইউরোপীয় ইউনিয়নের রেজ্যুলেশনেও বিএনপি ও জামায়াত-শিবিরের সহিংসতার সমালোচনা করা হয়েছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বাংলাদেশে রাজনীতির নামে নাশকতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।”

বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী আমন্ত্রণের সংবাদকে ‘বানোয়াট ও আজগুবী’ অভিহিত করে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের প্রধান ও আয়োজক সংগঠনের সহ-সভাপতি নবী কমান্ডার সাংবাদিকদের বলেন, “নিউ ইয়র্কে অবস্থানরত বাংলাদেশের স্বাধীনতাবিরোধী চক্র এ ধরনের গুজব ছড়াচ্ছে। এ ধরনের অপকর্মে লিপ্তদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে আরো ছিলেন ‘আমেরিকা-বাংলাদেশ এলায়েন্স’ প্রেসিডেন্ট এম এ সালাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ হানিফ ওহ ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাষ্ট্র শাখার নেতারা।