২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িকতার শিকার কর্ণাই গ্রামে নাগরিক সমাজের প্রতিনিধিরা

নির্বাচনোত্তর সাম্প্রদায়িক সন্ত্রাসের শিকার দিনাজপুরের কর্ণাই গ্রামে গিয়ে আক্রান্ত হিন্দুদের সাহস দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।  

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 05:08 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

অধ্যাপক আনিসুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সদর উপজেলার গ্রামটিতে যান। হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত ব্যবসা-প্রতিষ্ঠান ও ঘর-বাড়ি দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা।

আইন-সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল ও সাংবাদিক আবেদ খানও ছিলেন এই দলে। সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ ফোরামের প্রতিনিধিত্ব করেন তারা।

আক্রান্ত এলাকা ঘুরে দেখে সুলতানা কামাল সাংবাদিকদের বলেন, রাজনৈতিক ঘটনার আড়ালে এখানে হিন্দুদের নিশ্চিহ্ন করার একটা প্রক্রিয়া চলছে।

“এই দেশটাকে একটি বিশেষ ধর্মের দেশে পরিণত করার যে চেষ্টা একাত্তরে আমরা দেখেছি; সেই একই চেষ্টা এখনো চলছে।”

বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনে গত ৫ জানুয়ারি ভোটগ্রহণের পর কর্ণাই গ্রামে হামলা হয়। ভোট দেয়ার কারণেই এই হামলা হয় বলে আক্রান্তদের অভিযোগ।

সুলতানা কামাল বলেন, “আমরা মনে করি, এখন থেকে রুখে দাঁড়ানোর সময়টা এসেছে। এখানে হামলার সময় এরা রুখে দাঁড়িয়ে প্রতিহত করার চেষ্টাও করেছে। কিন্তু ওরা সংখ্যায় বেশি থাকায় এরা পেরে উঠেনি।”

“আমরা এসেছি, এদের আরো শক্তি ও সাহস যোগাতে,” বলেন তিনি।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “নির্যাতিতদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এখন অন্যতম দায়িত্ব ও কর্তব্য। কারণ তারা আর কোনো সাহায্য চায় না। তারা নির্ভয়ে স্বাভাবিক জীবন-যাত্রায় ফিরতে চায়।”

নাগরিক সমাজের প্রতিনিধি দলের পরিদর্শনের সময় স্থানীয় আওয়ামী লীগ সংসদ সদস্য ইকবালুর রহিমসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও ছিলেন।