জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারধর
রাজধানীর রমনা এলাকায় একটি রেস্তোরাঁর সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে দুর্বৃত্তরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলী আক্কাস রমনা থানায় এক অভিযোগে বলেন, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রমনা রেস্তোরাঁর সামনে তিনি এ হামলার শিকার হন।
তবে হামলাকারীদের সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।
রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অধ্যাপক আক্কাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রমনা রেস্তোরাঁয় কয়েকজন সহকর্মীর সঙ্গে তিনিও একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। পৌনে ৮টার দিকে অনুষ্ঠান শেষে রেস্তোরাঁ থেকে বেরোনোর পরপরই ৭/৮ জন যুবক তাকে ঘিরে ধরে।
“তারা আমার পরিচয় পেয়েই এলোপাতাড়ি কিল-ঘুষি-চড়-থাপ্পড় মারতে থাকে। এসময় পেছনে কয়েকজন সহকর্মী ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।”
