কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
কুড়িগ্রামের বেলগাছায় বৃহস্পতিবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের মৃতদেহ প্রায় ১২ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১ টায় বেলগাছা ইউনিয়নের চিলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কালভার্টের নিচ থেকে উদ্ধার হওয়া মৃতদেহটি জালাল উদ্দিনের (২৫)। সে সদর পৌরসভার হরিকেশ কানিপাড়া এলাকার উমর আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মিয়া জানান, লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে রাজারহাট-কুড়িগ্রাম সড়কের টগরাইহাট এলাকায় জালাল উদ্দিনের কুড়িগ্রামগামী মোটর সাইকেলের সঙ্গে রাজারহাটগামী একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জালাল গুরুতর আহত হন।
শ্যালো ইঞ্জিন চালিত মালবাহী পরিবহনকে ট্রলি নামে পরিচিত।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আব্দুল বাতেন বলেন, “আহত জালালকে ওই ট্রলিতে করেই কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান এলাকাবাসী। জালালের স্বজনদের হাসপাতালে যাওয়ার জন্য মোবাইল ফোনে খবর দেয়া হয়। রাত ২টার দিকে স্বজনরা কুড়িগ্রাম সদর হাসপাতালে জালালকে না পেয়ে ঘটনাটি পুলিশকে জানায়।”
রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় কবলিত মোটর সাইকেলটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, মামলা ও শাস্তির হাত থেকে বাঁচতে, হাসপাতালে না গিয়ে ট্রলি চালক মুমূর্ষু জালালকে দুর্ঘটনাস্থল থেকে একটু দূরেই কালভার্টের নিচে ফেলে পালিয়ে যায়।
