বগুড়ায় জাগরণমঞ্চের সমাবেশস্থলে বিস্ফোরণ
বগুড়ায় গণজাগরণ মঞ্চের সমাবেশস্থলের পাশে দুটি হাতবোমা ফাটিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় বিক্ষুব্ধ কর্মীরা দুই যুবককে মারধর করে পুলিশে দিয়েছে। সন্দেহভাজন আরো দুইজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
বগুড়া গণজাগরণ মঞ্চের কর্মী জেএম রউফ জানান, ঠাকুরগাঁও জেলায় ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় ঢাকা থেকে শুরু হওয়া রোডমার্চ বগুড়া পার হওয়ার সময় শুক্রবার সন্ধ্যায় জিরো পয়েন্ট সাতমাথায় সমাবেশ হওয়ার কথা। তার আগে বগুড়া গণজাগরণ মঞ্চের আহ্বায়ক মাসুদুর রহমান হেলালের সভাপতিত্বে বিকালে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
বিকাল সাড়ে ৪টার দিকে সমাবেশস্থলের পাশে পরপর দুটি হাতবোমা বিস্ফোরিত হয়। এ সময় সেখানে কত্যর্বরত পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং সমাবেশস্থলে ছোটাছুটি শুরু হয়ে যায়।
বগুড়ার সদর থানার এসআই মজিদা খাতুন জানান, সাতমাথার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
এরা হলেন- আবু নাছের (২০), তরিকুল ইসলাম তুহিন (১৭), আশরাফুল ইসলাম (১৪) ও ফারুক হোসেন (১৯)।
এদের মধ্যে নাছের ও তরিকুলকে আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এই ঘটনার সময় ঢাকা থেকে আসা গণজাগরণ মঞ্চের কর্মীরা সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছিলেন।
ওই সমাবেশে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “জামায়াত শিবির ককটেল বোমার মাধ্যমে গণজাগরণ মঞ্চের আন্দোলনে বাধা সৃষ্টি করতে পারবে না। সকল বাধা উপেক্ষা করে গণজাগরণ মঞ্চের কর্মীরা তাদের আন্দোলন অব্যাহত রাখবে। বগুড়ায় সমাবেশের মাধ্যমে আমাদের আজকের কর্মসূচি শেষ হবে।”
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শুক্রবার সকাল সাড়ে ৯টায় শাহবাগের প্রজন্ম থেকে এই রোডমার্চ শুরু হয়।
এর আগে গত ১১ ও ১২ জানুয়ারি যশোরের অভয়নগরের মালোপাড়া অভিমুখে রোডমার্চ করে গণজাগরণ মঞ্চ।
