ভোট দেয়ায় সাত হিন্দু বাড়িতে আগুন দেয়ার অভিযোগ
চট্টগ্রামের সাতকানিয়ায় ভোট দেয়ার কারণে সাতটি হিন্দু বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার ভোর রাতে উপজেলার উত্তর ঢেমশা মুহুড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা বলছেন, গত ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে ভোট দেয়ার কারণেই তাদের বাড়িতে আগুন দেয়া হয়েছে।
ক্ষতিগ্রস্তদের একজন কঙ্কন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনে ভোট না দেয়ার জন্য পরোক্ষভাবে আমাদের হুমকি দেয়া হয়েছিল। হিন্দুরা ভোট কেন্দ্রে গেলে বাড়িতে আগুন দেয়ার হুমকি দিয়ে একটি দোকানে পোস্টারও লাগানো হয়েছিল নির্বাচনের আগে।
আগুনে তার বাড়িসহ ইউনিয়ন পরিষদ সদস্য হারাধন দাশ, নারায়ণ দাশ, অমর দাশ, অমল দাশ, দীপক দাশের বাড়ি পুড়ে গেছে।
হারাধন দাশের বাড়িতে প্রথম আগুন লাগানো হয় জানিয়ে কঙ্কন বলেন, “আগুন দেয়ার পর হারাধনের পাশের বাড়ির দরজায় ওরা ধাক্কাধাক্কিও করেছে।”
সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, রাত পৌনে ৩টার দিকে আগুনের সূত্রপাত। সাতকানিয়া ফায়ার স্টেশনের একটি গাড়ি গিয়ে ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে সাতটি বসত ঘর পুড়ে গেছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে দুটি বাড়িতে লোকজন থাকলেও অন্যগুলো ফাঁকা ছিল।
“ক্ষতিগ্রস্তরা বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন। কেউ বলছেন, তাদের বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।”
সাতকানিয়া থানার এসআই ওসমান গণি জানান, যে বাড়ি থেকে আগুনের সূত্রপাত, সেখানে কেউ ছিল না। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কেও তারা নিশ্চিত হতে পারেননি।
“তবে কারো কোনো অভিযোগ থাকলে আমরা থানায় লিখিতভাবে জানাতে বলেছি।”
