নেত্রকোনায় প্রতিমা ভাংচুর
নেত্রকোনায় এক শিক্ষকের বাড়িতে হামলা করে ৪টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার গভীর রাতে বারহাট্রা উপজেলার হারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বারহাট্টা থানার ওসি সুলতান মাহমুদ।
শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ওসি সুলতান বলেন, হারুলিয়া গ্রামের শিক্ষক প্রণব ঘোষের বাড়ির আঙ্গিণায় নতুন নির্মিত প্রতিমা রোদে শুকানোর জন্যে রাখা ছিল।
বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা কালি প্রতিমাসহ ৪টি প্রতিমা ভেঙ্গে ফেলে।
এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি।
শুক্রবার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আব্দুর রহিম, বারহাট্রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে ৭ জানুয়ারি জেলার কলমাকান্দা উপজেলার বটতলা গ্রামে কালিমন্দিরের প্রতিমায় আগুন দেয়া ও ভাংচুর করা হয়।
একই রাতে মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে মুক্তিযোদ্ধা সুকোমল বৈশ্যের বাড়ির আঙ্গিণায় খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা।
এছাড়া ১১ জানুয়ারি রাতে সদর উপজেলার দুদকুড়া গ্রামের কালি মন্দিরের প্রতিমায় আগুন দেয়ার ঘটনা ঘটে। এইসব ঘটনাসহ দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে প্রায় প্রতিদিনই জেলাশহরসহ উপজেলায় বিভিন্ন সংগঠন বিক্ষোভ, মানববন্ধনের মতো প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে।
