২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিস্ফোরকসহ জামায়াত-শিবিরকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় জন জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 01:14 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

বৃহস্পতিবার এ দুই উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এরমধ্যে সীতাকুণ্ড থানাধীন মাদাম বিবির হাট এলাকা থেকে গ্রেপ্তার দুই শিবির কর্মীর কাছ থেকে দুই কেজি গান পাউডার, ককটেল তৈরিতে ব্যবহৃত গন্ধক, স্প্লিন্টার, একটি মনিটর, বেশ কিছু বই ও শিবিরের কমিটি গঠন সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার দুই জন হলেন ওয়ালি উল্লাহ ও জয়নাল আবেদিন।

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ককটেল তৈরির সব ধরনের সরঞ্জাম ও গান পাউডার উদ্ধার করা হয়েছে।

“গ্রেপ্তার দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছে সংগঠনের কমিটিসহ বিভিন্ন বিষয়ের কাগজপত্র পাওয়া গেছে এগুলো যাছাই করা হচ্ছে।”

ওসি ইফতেখার জানান ওয়ালি উল্লাহ ও জয়নাল আবেদিন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস সীতাকুণ্ড থানাধীন কুমিরা এলাকায়।

বৃহস্পতিবার রাতে উপজেলার বাড়বকুণ্ড থেকে আরো এক শিবির কর্মীকে আটক করা হয়।

এদিকে একই রাতে সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন জন জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারদের মধ্যে জাবেদ জাহাঙ্গীরের স্থানীয় যুবলীগ কর্মী জব্বার হত্যা মামলায় সম্পৃক্ততা থাকতে পারে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।