সুচিত্রার মৃত্যুতে স্পিকার-ডেপুটি স্পিকারের শোক
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার শওকত আলী।
শুক্রবার পৃথক শোকবাণীতে তারা কলকাতার এই অভিনেত্রীর আত্মার শান্তি কামনা করেন।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৫ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী সুচিত্রা সেন।
এক শোক বাণীতে স্পিকার শিরীন শারমিন বলেন, “সুচিত্রা সেন ছিলেন বাংলা ভাষাভাষী সকল মানুষের প্রানের স্পন্দন। তার অতুলনীয় ও অনবদ্য অভিনয় শৈলী সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের মনে চির জাগরুক থাকবে।”
স্পিকার বলেন, সুচিত্রার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের দারুণ ক্ষতি হলো, যা পূরণ হবার নয়।
“তার মৃত্যুতে সমগ্র বাংলা ভাষাভাষী মানুষ দারুণভাবে ব্যথিত। তিনি বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তী ও অপ্রতিদ্বন্দ্বী নায়িকা।
আরেক শোক বাণীতে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, “সুচিত্রা সেন ছিলেন বাংলা চলচ্চিত্রের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। তার মৃত্যু বাংলা চলচ্চিত্রাঙ্গনের জন্য দারুণ ক্ষতি।”
