রেল ট্র্যাকিং ও মনিটরিং সিস্টেম চালু
ট্রেন ট্র্যাকিং ও মনিটরিং সিস্টেম চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।
এই সিস্টেম চালুর ফলে এসএমএসের মাধ্যমে ট্রেনের গন্তব্য, ছাড়ার সময়, অবস্থান, পরবর্তী স্টপেজ, ট্রেনের বিলম্ব ইত্যাদি তথ্য যাত্রীরা জানতে পারবেন।
বৃহস্পতিবার রেলভবনে রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এই সিস্টেম উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে রেল মন্ত্রী বলেন, “বর্তমানে রেলওয়েতে ১৮ হাজার ৩১০ কোটি টাকার ৩৮টি প্রকল্প চলমান আছে। সব গুলো প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়ে উন্নত বিশ্বের পর্যায়ে চলে যাবে।”
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আবু তাহের সহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোবাইলের এসএমএসের মাধ্যমে tr<space> train no অথবা tr<space>train name লিখে ১৬৩১৮ নম্বরে পাঠালে ফিরতি এসএমএস এর মাধ্যমে বর্ণিত ট্রেনের তাৎক্ষণিক অবস্থান জানা যাবে। প্রাথমিকভাবে কেবল মোবাইল অপারেটর গ্রামীণফোন থেকে এই সেবা পাওয়া যাবে।
