২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওই সাপ একদিন বিএনপিকেও দংশন করবে’

দেশে হিন্দুদের ওপর নির্যাতনকারীদের আইনের আওতায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ইউরোপ প্রবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 03:50 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

স্থানীয় সময় মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তারা এ দাবি করেন।

জেনেভার জুরিখ স্টেট ইউনিভার্সিটির সেমিনার কক্ষে এ সভার আয়োজন করে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস নামের একটি সংগঠন। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ইউরোপ শাখার নেতারাও এতে অংশ নেন।

ধর্মীয় সহিংসতার কারণে বাংলাদেশ বিপজ্জনক রাষ্ট্র হয়ে উঠছে বলে মন্তব্য করেন দুই সংগঠনের নেতারা।

দেশের নাগরিক হিসেবে নির্যাতিতদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানান তারা।

হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিসের পরিচালক অমরেন্দু রায় বাংলাদেশের বর্তমান সহিংসতাকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার পরিস্থিতির সঙ্গে তুলনা করেন।

তিনি বলেন, “জামায়াতে ইসলামী ও বিএনপি পাকিস্তানের অর্থায়নে এসব অনাচারে নেমেছেন। বাংলাদেশ সরকারের অবহেলার কারণে আগেও এ ধরনের অপকর্ম হয়েছে, এখনো নৃশংস নির্যাতন চলছে।”

ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রীনা রায় বলেন, “বাংলাদেশে যারা এ ধরনের নির্যাতন আর সহিংসতা চালিয়েছে, তারা দেশের স্বাধীনতা ও মানবতার শত্রু।”

জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা দুধ দিয়ে যে সাপ প্রতিপালন করছেন সেই সাপ একদিন আপনাদেরকেও দংশন করবে। ধর্মীয় সংখ্যালঘু নারী নির্যাতনকারীদের ধ্বংস অনিবার্য।”

সভায় সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। নির্যাতিতদের ছবি, নির্যাতনের নানা স্থিরচিত্র ও ধ্বংসস্তুপে পরিণত হওয়া বাড়িঘরের ছবিও দেখানো হয়।

সভায় অন্যদের মধ্যে স্বপন বিশ্বাস, বাবুল মিঞা, আনোয়ার হোসেন, অনিল বণিক, রোজারিও ডি কস্টাসহ অনেকে বক্তব্য দেন।