২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহিষ্কার বিধিসম্মত নয় বললেন বাদশা  

কেদ্রীয় কৃষক লীগের সহসভাপতি বদিউজ্জামান বাদশাকে বহিষ্কার বিধিসন্মত হয়নি বলে দাবি করেছেন তিনি।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 07:05 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

বুধবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগ প্রার্থী মতিয়া চৌধুরীর বিপক্ষে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করে কেন্দ্রীয় কৃষক লীগ।

সংবাদ সম্মেলনে বাদশা বলেন, তার মতো অনেকেই আওয়ামী লীগ, কৃষক লীগ ও যুবলীগ সদস্য বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

বাদশা বলেন, “তিনি (প্রধানমন্ত্রী) আমাকে সম্মেলনের মাধ্যমে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত করেছেন। কার্যকরী পরিষদের সভা ছাড়া এইভাবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধান সংগঠনের গঠনতন্ত্রে নেই।”

সংবাদ সম্মেলনে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজান সরকারসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কৃষক লীগের প্যাডে কেন্দ্রীয় কমিটির সভাপতি  মো. মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক রেজার স্বাক্ষরে বদিউজ্জামান বাদশাকে লেখা এক পত্রে বহিষ্কারের কথা জানানো হয়।

বহিষ্কারের এ সিদ্ধান্ত গত ৫ জানুয়ারি থেকে কার্যকর হবে বলেও ওই পত্রে বলা হয়।