২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে স্কুল কমিটির নির্বাচনে সংঘর্ষে নিহত ১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি স্কুলের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলাকালে সংঘর্ষে গুলিতে একজনের মৃত্যু হয়েছেন। আহত হন অন্তত ১০ জন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 05:15 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

বুধবার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নির্বাচনে ভোট গ্রহণ ছিল।

দুপুরে সংঘর্ষে নিহত  ইলিয়াস মাতুব্বর (৪৫) ওই ইউনিয়নের মাঝিকান্দা গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

হামিরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক মোল্লা জানান, স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে প্রতিষ্ঠাতা সদস্য ওহিদুজ্জামান এবং সাবেক সভাপতি ও ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

তিনি বলেন, “বেলা ১টার দিকে ওহিদুজ্জামানের সমর্থকদের সঙ্গে  ফাইজুরের সমর্থকদের সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তাদের ঘিরে ফেলে। এক পর্যায়ে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ইলিয়াস ঘটনাস্থলে নিহত হন।”

ইলিয়াসের লাশ ভাঙ্গা থানায় রাখা হয়েছে বলেও জানান তিনি।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরান জানান, মাথায় গুলি লেগে ইলিয়াস মারা গেছেন।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ডি এম বেলায়েত হোসেন জানান, দুপক্ষের সংঘর্ষ ঠেকাতে গেলে তারা পুলিশের উপর চড়াও হয়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে।

তবে নিহত  ইলিয়াস পুলিশের গুলিতে নিহত হয়েছে কি না তা নিশ্চিত করে  বলেননি তিনি।

এ ঘটনায় পাঁচ পুলিশ আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।