২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়ে হাই কোর্ট বলেছে, আইন শৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে এ কাজে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 03:06 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

স্বতঃপ্রণোদিত হয়ে দেয়া এক আদেশে বুধবার বিচারপতি কাজী মো. রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।

আদেশে আদালত বলেছে, ১০ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের জীবন, সম্পদ ও স্বাধীনতার উপর চলা তাণ্ডব এখনো অব্যাহত আছে। আইনজীবী পরিমল চন্দ্র গুহ বিষয়টি আমাদের দৃষ্টিতে এনেছেন।

ওই আইনজীবীর উপস্থাপিত দৈনিক প্রথম আলোর ৩টি ও আমাদের সময়ের ২টি প্রতিবেদন আমলে নিয়ে আদালত বলে, এ সব প্রতিবেদন পড়ে এবং আইনজীবীর যুক্তিতর্কে এটা স্পষ্ট হয়েছে যে, আইন শৃঙ্খলা বাহিনী নাগরিক বিশেষ করে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীকে রক্ষায় মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর, ঠাকুরগাঁও, মাগুরা, জামালপুর, জয়পুরহাট, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সমর্থক ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতনের ঘটনা ঘটে।

আদালত বলেছে, সুনির্দিষ্ট কিছু এলাকা বা গোষ্ঠীর মধ্যে নয়, বরং দেশব্যাপী যেখানেই সংখ্যালঘু বা প্রান্তিক গোষ্ঠী রয়েছে, সেখানে নাগরিকের জীবন, স্বাধীনতা, সম্পদ, সম্মান রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের মাধ্যমে তাত্ক্ষণিক পদক্ষেপ গ্রহণে বিবাদীদেরকে নির্দেশ দেয়া হলো।

একই সঙ্গে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীকে রক্ষায় কী কী পদক্ষেপ নেয়া হয়েছে এবং তাণ্ডবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ীদের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা প্রতিবেদন আকারে আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে জানাতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে আদালত।

এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করে সংখ্যালঘু ও প্রান্তিক অন্য জনগোষ্ঠীকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কেন নির্দেশনা দেয়া হবে না- রুলে তা জানতে চাওয়া হয়।

ক্ষতিগ্রস্ত এবং জীবন, স্বাধীনতা, সম্পদ, সম্মান হারানো ব্যক্তিদের কেন ক্ষতিপূরণ দেয়া হবে না- তাও জানতে চেয়েছে আদালত।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক এবং ঢাকা, নাটোর, যশোর, দিনাজপুর, গাইবান্ধা, সাতক্ষীরা, ঝালকাঠি, টাঙ্গাইল, বগুড়া ও পিরোজপুর, চাঁদপুর ও নেত্রকোনার জেলার প্রশাসককে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

তাত্ক্ষণিকভাবে এই আদেশ বিবাদীদেরকে জানাতে হাই কোর্টের সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেয়া হয়।

আগামী ২৬ জানুয়ারি বিষয়টি আবার আদেশের জন্য কার্যতালিকায় রাখা হবে বলেও উল্লেখ করা হয় আদেশে।

আদেশে হলফনামা দিয়ে প্রতিবেদনের সত্যতা আদালতকে জানাতে ওই দুই পত্রিকার প্রকাশক ও প্রতিবেদককে নির্দেশ দেয়া হয়।

ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০০১ সালের নির্বাচন পরবর্তী সময়ের মতো দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের উপর নিপীড়ন চালানো হচ্ছে। ওই সময়ের নিপীড়নের বিচার হলে হয়তো এই ঘটনা ঘটতো না।”

এক প্রশ্নের জবাবে সরকারের এই আইন কর্মকর্তা বলেন, আদালত রুল জারি করেছে। রুল শুনানির সময় ২০০১ সালের নির্যাতনের কেন বিচার হয়নি, সেগুলোও উঠে আসবে।

শুনানিতে পরিমল চন্দ্র গুহ বলেন, যশোরের অভয়নগর ও দিনাজপুরে হামলার খবর জানানোর পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণনি। বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে ঘটনার তদন্ত করতে হবে।

তিনি আরো বলেন, সংখ্যালঘুদের নির্যাতন চলছে। এই নির্যাতনের পর ক্ষতিগ্রস্তরা অনেকক্ষেত্রেই মামলা করতে পারেন না। তাই পুলিশ বাদি হয়ে এ সব ঘটনায় মামলা করতে হবে। প্রয়োজনে সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন শাস্তির বিধান রেখে নতুন বিশেষ আইনও করতে হবে।