২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

চট্টগ্রামের হালিশহরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 08:49 AM

Updated : 01 Sep 2026, 06:01 PM

নগর পুলিশের পশ্চিম জোনের অতিরিক্ত উপকমিশনার এসএম তানভীর আরাফাত জানান, বুধবার ভোরের দিকে হালিশহরের বন্দর টোল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজিব ও নাসির পেশাদার ছিনতাইকারী এবং গত সোমবার পুলিশ সদস্য ফরিদুল ইসলামকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে তানভীর আরাফাতের দাবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করতে ভোরের দিকে পুলিশ বন্দর টোল রোডে অভিযান চালায়।

“এ সময় সন্ত্রাসীরা গুলি শুরু করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে । কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে গুলিবিদ্ধ লাশ দুটি উদ্ধার করা হয়।

হালিশহর থানার ওসি শাজাহান কবির জানান, ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সামান্য আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

গত সোমবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ব্যাংক কলোনি গেইটের সামনে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে খুন হন ফরিদুল ইসলাম (৪৫)। তিনি দামপাড়া পুলিশ লাইনে নায়েক হিসেবে কর্মরত ছিলেন।