২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমানে আবার ‘ছাঁটাই’

পত্রিকা প্রকাশের বছর না ঘুরতেই দ্বিতীয় দফায় ২৮ জন সংবাদকর্মীকে অব্যাহতি দিয়েছে দৈনিক বর্তমান কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 10:08 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

তবে এদের মধ্যে কয়েকজনের দাবি, তাদের জোর করে অব্যাহতিপত্রে স্বাক্ষর নেয়া হয়েছে।

সোমবার এই ২৮ জনকে ‘ছাঁটাই’ করা হয় বলে যুগ্ন বার্তা সম্পাদকসহ তৈয়েবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, যিনি নিজেও এদের একজন।

মুন গ্রুপের সংবাদপত্রটি গত বছরের ২ জুলাই বাজারে আসে। বাজারে আসার দুই মাসের মাথায় ১৪ জনকে ছাঁটাই করা হয়েছিল।

তখন এই বিষয়ে জানতে যোগাযোগ করা হলে এর উপদেষ্টা সম্পাদক রাহাত খান কোনো মন্তব্য করতে রাজি হননি।

তৈয়েবুর রহমান বলেন, “কর্তৃপক্ষের লোকজন একটি কাগজে আমাদের স্বাক্ষর নেন, যেখানে লেখা ছিল, আমরা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি।”

“ছাঁটাই করলে তিন মাসের বেতন দেয়ার আইন রয়েছে। কিন্ত এক্ষেত্রে আমরা যেদিন পর্যন্ত কাজ করেছি, শুধু সে পর্যন্ত বেতন দিয়েই বিদায় করা হয়।”

দৈনিক বর্তমানের কয়েকজন সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন বিভাগের ৫০ জনকে অব্যাহতি দিতে একটি তালিকা তৈরি করেছে মালিকপক্ষ। এ কারণে পত্রিকার পাতাও কমানো হয়েছে।

গত রোববার ও সোমবার পত্রিকাটির অফিস থেকে ৪/৫ জন কর্মীকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে দেখা গেছে।