নারী আসন: ইসি তৎপর, আওয়ামী লীগও
সংসদের সংরক্ষিত আসনে নারী প্রার্থী ঠিক করার প্রক্রিয়া শুরু করেছে আওয়ামী লীগ।
সাধারণ নির্বাচনের পর ৯০ দিনের মধ্যে সংসদের সংরক্ষিত মহিলা আসনে ভোটের বাধ্যবাধকতা থাকলেও দ্রুত এই নির্বাচন করতে ইসির তৎপরতার মধ্যেই ক্ষমতাসীন দল এই প্রক্রিয়া শুরু করল।
বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনে ৩০০ আসন থেকে ঘোষিত ২৯০টির মধ্যে আওয়ামী লীগ ২২৯টিতে জয়ী হয়েছে। এর ভিত্তিতে ৫০টি নারী আসন বণ্টিত হবে।
মঙ্গলবার গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী মনোনয়নের কাজ শুরুর সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত আব্দুস সোবহান গোলাপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ থেকে ১৭ জানুয়ারি আবেদন ফরম বিতরণ করা হবে।
আবেদনপত্র পাওয়া যাবে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে, তা ২৫ হাজার টাকায় কিনতে হবে।
তিন দিন আবেদনপত্র বিতরণের পর আগামী ১৯ জানুয়ারি প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে বলে সোবহান জানান।
এদিকে সরাসরি ভোটের লড়াই শেষে সংরক্ষিত আসনের নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে করার পথে এগোচ্ছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার আবু হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৯২টি আসনের ভোট শেষ হয়েছে। ১৬ জানুয়ারি আরো আটটি আসনের পুনভোট হবে। এসময় ৩০০ আসনের ফলাফল চূড়ান্ত হবে।
“আগামী সপ্তাহেই এ বিষয়ে (সংরক্ষিত আসনে নির্বাচনের তফসিল) সিদ্ধান্ত নিতে পারি আমরা। কমিশন সভায় আলোচনা হলে জানাতে পারব।”
ইতোমধ্যে আগামী ২৯ জানুয়ারি দশম সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়েছে। তার আগেই নির্বাচন শেষ হলে উদ্বোধনী অধিবেশনেই সংসদে আসন নেবেন নারী সাংসদরা।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন ২০০৪ অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচনের জন্য কমিশন দল ও জোটওয়ারি তালিকা তৈরি করবে এবং ভোটার তালিকা ইসিতে টানিয়ে দেবে।
সোমবার দল বা জোটে যোগ দেয়ার বিষয়ে নিজেদের অবস্থান জানাতে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে চিঠি দিয়েছে ইসি সচিবালয়।
ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বলেন, “৩০০ আসনের বিপরীতে ৫০ সংরক্ষিত আসন দল বা জোটের অনুকূলে আসন বণ্টন করা হবে। সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে প্রতি আসনের বিপরীতে সংরক্ষিত আসন দাঁড়ায় শূন্য দশমিক ১৬৭টি।”
ইসি কর্মকর্তারা জানান, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আওয়ামী লীগ ৩৮, জাতীয় পার্টি ৬, স্বতন্ত্র ২ এবং জাসদ ও ওয়ার্কার্স পার্টি ১টি করে সংরক্ষিত আসন পাবে।
ঘোষিত ফলে জাতীয় পার্টির ৩৩, ওয়ার্কার্স পার্টির ৬, জাসদের ৫, স্বতন্ত্র ১৪ এবং জেপি, তরীকত ফেডারেশন ও বিএনএফের একজন করে সংসদ সদস্য রয়েছেন।
