সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ প্রবাসেও
নির্বাচনের পর দেশে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাও।
গত ১১ জানুয়ারি থেকে পরপর তিন দিন পর্যায়ক্রমে ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টো, ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেস এবং নিউ ইয়র্কে প্রতিবাদ সমাবেশ-মানববন্ধন করেছেন তারা।
বাংলাদেশে গত ৫ জানুয়ারি ভোটের পর হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার জন্য বিএনপি ও জামায়াত জোটের প্রত্যক্ষ ইন্ধন ছিল বলে দাবি করেছে বিক্ষোভকারীরা। তা প্রতিরোধে সরকারের ভূমিকাও যথেষ্ট ছিল না বলে তাদের মত।
সোমবার সাক্রামেন্টোতে প্রতিবাদ সমাবেশ করেন একদল প্রবাসী। আগের দিন লসএঞ্জেলেসে বিক্ষোভ সমাবেশ করে ‘বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটি’।
হিন্দু সোসাইটির সাধারণ সম্পাদক শংকর নন্দী তাপস বলেন, নির্বাচনের পর থেকেই বিশেষ মহল হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, বাড়িতে আগুন দেয়া, লুটপাট এবং ধর্ষণের মতো বর্বরোচিত আচরণ করছে।
“এ ধরনের ঘৃণ্য কর্মে যদি সরকারি দল আওয়ামী লীগের সম্পৃক্ততা থাকে তাহলে তাদেরকেও গ্রেপ্তার ও শাস্তি দিতে হবে,” বলেন তিনি।
সংগঠনের সভাপতি শ্যামল নাথ বলেন, “হিন্দুরাও বাংলাদেশের নাগরিক এবং তাদের নিরাপত্তায় গড়িমসি করার অর্থ হচ্ছে সামাজিক-সম্প্রীতি বিপন্ন করা।”
সমাবেশে যোগ দিয়ে ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের নেতা জহির উদ্দিন বলেন, বিএনপির মদদে জামায়াত-শিবির বর্বরোচিত এ হামলা চালাচ্ছে।
সুপ্রিম কোর্টের সাবেক এক বিচারপতির নেতৃত্বে ১১ জানুয়ারি রাতে নিউ ইয়র্কে সভা করে ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ’।
সভা থেকে সাম্প্রদায়িক হামলা তদন্তে নিরপেক্ষ একটি কমিটি গঠন করে জড়িতদের তালিকা তৈরি এবং অবিলম্বে অধ্যাদেশ জারি করে সন্ত্রাস দমন আইনের আওতায় বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের শাস্তি দেয়ার দাবি ওঠে।
‘ইউএস কমিটি ফর সেক্যুলার বাংলাদেশ’ সংগঠনের সভাপতি ড. নূরন্নবী ও সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির মদদে মধ্যযুগীয় কায়দায় এ বর্বরতা শুরু হয়েছে। একে রুখতে সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি।
সভা থেকে ১৮ জানুয়ারি নিউ ইয়র্কে সর্বস্তরের প্রবাসীর বিক্ষোভ-সমাবেশ আহ্বান করা হয়।
পর দিন লসএঞ্জেলেসে একটি এবং নিউ ইয়র্কে আরেকটি কর্মসূচি পালিত হবে।
