২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মাদক ব্যবসার বিরোধে যুবক খুন

মাদক ব্যবসার লেনদেন নিয়ে বিরোধের জেরে রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 03:33 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

নিহত আরিফুল ইসলাম (২৮) নগরীর গুড়িপাড়া এলাকার আম ব্যবসায়ী সাইদুর রহমান সাধুর ছেলে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রাজপাড়া থানার ওসি এবিএম রেজাউল করিম জানান।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

ওসি রেজাউল বলেন, সকাল ৭টার দিকে সিটি বাইপাসের রায়পাড়া এলাকায় রাস্তার পাশের আম বাগান থেকে রক্তাক্ত আরিফুলকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

“মারা যাওয়ার আগে তিনি ছয় জনের নাম বলে গেছেন, যারা তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।”

এদের একজন নাসিমকে বেলা ১১টার দিকে গুড়িপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

বাবার ব্যবসা দেখাশোনা করলেও সম্প্রতি আরিফ মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন জানিয়ে ওসি বলেন, “মাদক ব্যবসার লেনদেন নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।”

নিহতের বাবা সাইদুর রহমান বলেন, সোমবার রাত ৩টার দিকে উজ্জ্বল ও নাসিম নামের দুই যুবক আরিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সকালে আহত আরিফকে হাসপাতালে ভর্তি করা হয়।