২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন ভাঙলে বায়রা থাকবে না: মোশাররফ

বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে অভিবাসন আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংগঠন বায়রা’র অনুমোদন বাতিল করার হুমকি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 08:17 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

তিনি বলেছেন, “বায়রা (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ) বলে বেড়ায়, সরকার তাদের চেয়ে কম লোক পাঠিয়েছে। এর মাধ্যমে তারা বোঝাতে চায় তারা সরকার থেকে আলাদা।

“তারা যদি অভিবাসী আইনের ব্যত্যয় ঘটায় এবং সরকারের প্রতিনিধিত্ব অস্বীকার করে তাহলে ‘বায়রা’ নামক কোনো শব্দ এই মন্ত্রণালয়ে থাকবে না।”

রোববার আগের দায়িত্বে নতুন করে শপথ নেয়ার পর সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব কথা বলেন নতুন সরকারে আবার নিয়োগ পাওয়া এই মন্ত্রী।

তিনি বলেন, বায়রাকে সরকার প্রতিনিধি হিসেবে নিয়োগ করেছে মাত্র। এযাবত বিদেশে যা লোক গেছে তা সরকারই পাঠিয়েছে।

প্রবাসীদের কল্যাণে নতুন সরকারের পদক্ষেপ নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “অভিবাসন ব্যয় কমানোর মিশন এবারো অব্যাহত খাকবে।”

পাশাপাশি দক্ষ শ্রমিক পাঠানোর বিষয়টিকে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান তিনি।

জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যমতে, এপর্যন্ত বাংলাদেশ থেকে ৮৯ লাখ লোক কর্মসংস্থানের জন্য বিদেশে পাড়ি জমিয়েছে, যার উল্লেখযোগ্য অংশই তারা বিভিন্ন সময়ে দাবি করেছেন বায়রা নেতারা।

এবিষয়ে বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাব্দিক অর্থে মন্ত্রণালয়েই সব লোক পাঠিয়েছে। কারণ তাদের অনুমতি ছাড়া বিদেশে লোক পাঠানো সম্ভব নয়।”

তিনি দাবি করেন, বিদেশে যত শ্রমিক আছে তার প্রায় ৯০ শতাংশই গেছে বায়রার মাধ্যমে।