২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজিবি মোতায়েন

ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ছাত্রশিবিরের এক নেতা নিহতের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 03:51 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সোমবার সকালে ২ প্লাটুন বিজিবি সদস্য ক্যাম্পাসে অবস্থান নেন বলে জানান হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ভূঁইয়া।

রোববার বিকালে শাহ আমানত হলে শিবির-ছাত্রলীগের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হন মৃত্তিকা বিজ্ঞান বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী মামুন হোসেন।

তাকে সংগঠনের শাহ আমানত হল শাখার সাধারণ সম্পাদক বলে দাবি করেছে শিবির।

সংঘর্ষের পর রাতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সকালে অবস্থান নিয়েছে বিজিবি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বলেন, ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা রক্ষায় এবং আর যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে সেজন্য বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় শাহ আমানত হলের প্রাধ্যক্ষ আবুল মনসুর সোমবার একটি মামলা করেছেন।

পরিদর্শক আবুল কাশেম জানান, মামলায় অজ্ঞাত পরিচয় অনেককে আসামি করা হয়েছে।