২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ

আলোচিত দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় হওয়া দুই মামলায় যুক্তি উপস্থাপন শেষ করেছেন রাষ্ট্রপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 10:26 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমানের আদালতে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি কামাল উদ্দিন।

যুক্ত উপস্থাপন শেষে পিপি আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

আদালত সোমবার দুটি মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের সময় নির্ধারণ করেন।

সর্বশেষ গত বছরের ২৫ নভেম্বর যুক্তি উপস্থাপন শুরু করেছিলেন রাষ্ট্রপক্ষ। হরতাল-অবরোধ ও অবকাশের কারণে যুক্তি উপস্থাপন বারবার পিছিয়ে যায়।

২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল এর সংরক্ষিত জেটি ঘাটে দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে পুলিশ।

এই ঘটনার পর পুলিশ বাদি হয়ে কর্ণফুলী থানায় দুটি পৃথক মামলা করে।

কয়েকদফা অধিকতর তদন্ত শেষে ২০১১ সালের ২৬ জুন নতুন করে আরও ১১ আসামির নাম উল্লেখ করে আদালতে আলোচিত এই ঘটনায় করা মামলা দুটির সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়।

একই বছরের ১৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।