২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থগিত কেন্দ্রে নির্বাচন: গাইবান্ধায় আতঙ্ক

দুই শতাধিক ভোটকেন্দ্রের স্থগিত নির্বাচন অনুষ্ঠানের দিন এগিয়ে আসায় গাইবান্ধায় আবার আতঙ্ক দেখা দিয়েছে।

তাজুল ইসলাম রেজা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 10:06 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

নির্বাচনের আগে ও পরে সহিংসতা এবং জামায়াত-শিবিরের হুমকির কারণে গাইবান্ধার ৩টি সংসদীয় আসনের ২০৬টি স্থগিত ভোট কেন্দ্রে ১৬ জানুয়ারির পুনঃনির্বাচন ঘিরে জেলার হিন্দু সম্প্রদায়সহ ওই কেন্দ্রগুলোর ভোটাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানিয়েছেন, স্থগিত ভোট কেন্দ্রগুলোর পুনঃনির্বাচন ঘিরে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে তাতে আশ্বস্ত হতে পারেননি এলাকাবাসী।

সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের ক্ষত্রিয়পাড়া এলাকার শতাধিক পরিবার জামায়াত-শিবির ক্যাডারদের অব্যাহত হামলার মুখে ঐক্যবদ্ধ হয়ে ভয়ভীতি কাটিয়ে নিজেরাই প্রতিরোধ গড়ে তুলেছেন।

সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা বাজারে হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলার পর ওই ওয়ার্ডের আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের রক্ষায় সমঝোতা হওয়ায় ওই এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

বেড়াডাঙ্গাবাসী বলছেন, প্রসাশন যেভাবে এগিয়ে এসেছে, তাতে তারা কিছুটা নিরাপদ বোধ করছেন। তবে সেই রাতের হামলার কথা ভুলতে না পারায় এখনো নির্ঘুম রাত কাটে তাদের।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, গাইবান্ধা জেলা শাখা ক্ষয়ক্ষতি ও হামলার কিছু পরিসংখ্যান জানিয়েছে।

সংগঠনটির মতে, ৫ জানুয়ারির নির্বাচনের আগে এবং পরে গাইবান্ধার সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ ও সদর উপজেলায় সহিংসতার ২৮টি ঘটনা ঘটেছে।

এতে সুন্দরগঞ্জ উপজেলার কাকৈ কাশদহ গ্রামের সত্যেন্দ্র নাথ বর্মণ নিহত হন। এছাড়া ৯টি ব্যবসা প্রতিষ্ঠান, ১১টি বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়েছে। ২টি হিন্দু পরিবারের মটর সাইকেল আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। ভস্মীভূত করা হয়েছে ৫টি বসতবাড়ির গবাদি পশুর জন্য সঞ্চিত খড়ের গাদা। এছাড়া ২টি পরিবারের বসতবাড়িতে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করা হয়েছে।

সুন্দরগঞ্জের শান্তিরাম, শোভাগঞ্জ, বেলকা, বামনডাঙ্গা, ধর্মপুর ও ছাপড়হাটি ইউনিয়ন, সাদুল্লাপুরের ইদিলপুর, দামোদরপুর, বনগ্রাম, ধাপেরহাট ইউনিয়ন গোবিন্দগঞ্জের দরবস্ত, তালুককানুপুর, হরিরামপুর ইউনিয়ন এবং নাকাইয়ের রথেরবাজার, রাখালবুরুজ ইউনিয়নের নুনতলা ও ধর্মপুর গ্রামের সংখ্যালঘুদের উপর এখনও স্থগিত নির্বাচনকে কেন্দ্র করে হুমকি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারি প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে গিয়ে গাইবান্ধা সোনালী ব্যাংকের কর্মকর্তা কান্তিভূষণ বর্মন এবং সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের কাকৈ কাশদহ গ্রামের মুকুল চন্দ্র বর্মণ জামায়াত-শিবিরের ক্যাডারদের হামলায় গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন বলে জানানো হয়েছে।

সহিংস হামলার ব্যাপকতায় গাইবান্ধাবাসী এখনো নিজেদেরেকে নিরাপদ মনে করছেন না। তাই এলাকার সবাই সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা, বল¬ম নিয়ে হ্যারিকেন জ্বালিয়ে এবং টর্চলাইট নিয়ে নিজেদের গ্রামকে রক্ষা করার জন্য রাতভর পাহাড়া দিচ্ছেন।