মন্ত্রী হওয়ায় আনন্দ, মিষ্টি বিতরণ
জেলার সন্তান মন্ত্রী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, জামালপুর, পাবনা, ভোলা ও নীলফামারীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন এলাকার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।
রোববার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপরই জেলায় জেলায় নতুন মন্ত্রীদের কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীরা আনন্দে মেতে ওঠেন।
৪৯ সদস্যের মন্ত্রিসভার মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রীপদ পেয়েছেন ২৯ জন। এছাড়া ১৭ জন প্রতিমন্ত্রী ও দুইজন উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় তিন মন্ত্রী
এ জেলা থেকে তিনজন নতুন সরকারের মন্ত্রী হয়েছেন।
এরা হলেন আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী ছায়েদুল হক এবং খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আনিসুল হক এবারই প্রথম মন্ত্রী হলেন। কামরুল ইসলাম গত মন্ত্রিসভায় আইন প্রতিমন্ত্রী ছিলেন।
শপথ অনুষ্ঠানের পর জেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
জামালপুরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম নবগঠিত মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জেলা ছাত্রলীগ।
বিকালে একটি মিছিল শহরের বকুলতলা চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে রেল গেইটে গিয়ে শেষ হয়। পরে উপস্থিত পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
শহরের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগও আনন্দ মিছিল করেছে। মিছিলটি বানিয়া বাজার থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। পরে পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এছাড়া মির্জা আজমের নির্বাচনী এলাকা মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
মির্জা আজম ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত টানা পাঁচ বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হলেও এই প্রথম তিনি মন্ত্রী রিষদে স্থান পান।
পাবনায় মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু
জেলা আওয়ামীলীগ সভাপতি পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের পরপর চার বার নির্বাচিত সাংসদ শামসুর রহমান শরীফ ডিলু নতুন মন্ত্রীসভায় পূর্ণমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল করেছে জেলাবাসী।
রোববার শপথ গ্রহণের পরপরই সন্ধ্যায় একটি আনন্দ মিছিল ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নাসিম মন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জে আনন্দ
দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম মন্ত্রী হওয়ায় তার জন্মভূমি সিরাজগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী।
শপথ শেষ হওয়ার পরপরই জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শহরে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
তোফায়েল মন্ত্রী, ভোলাবাসীর আনন্দ
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ মন্ত্রী হিসেবে শপথ নেয়ায় ভোলায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।
রোববার বিকালে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
নীলফামারীর মন্ত্রী আসাদুজ্জামান নুর
আসাদুজ্জামান নুর মন্ত্রী হওয়ায় আনন্দ উল্লাসে মেতে উঠেছে নীলফামারীবাসী।
শপথ অনুষ্ঠানের পরপরই আওয়ামী লীগ কার্যালয়ে সমবেত হয়ে মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা। এরপর তাৎক্ষণিক শুভেচ্ছা জানিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়।
