মহাসড়কে যানজট অব্যাহত
লাগাতার হরতাল-অবরোধের সংক্ষিপ্ত বিরতির দ্বিতীয় দিনেও দেশের প্রধান মহাসড়কগুলোতে যানজট অব্যাহত আছে।
যানজটের কারণে অনেক স্থানে গাড়িগুলো ধীর গতিতে চলায় গন্তব্যের পথে থাকা যাত্রী তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন।
আগের দিন শুক্রবারও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা, দাউদকান্দি, কাঁচপুর, সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়ক, মাওয়া-কাউড়াকান্দি ফেরিঘাট এলাকা ও বঙ্গবন্ধু সেতুর দুই পাশে তীব্র যানজটের খবর পাওয়া যায়।
শনিবারও যানজটের কারণে টাঙ্গাইল মহাসড়কের ২৫ কিলোমিটার এলাকাজুড়ে দূরপাল্লার যানবাহন থেমে থাকার খবর পাওয়া গেছে। এছাড়া দেশের অন্যান্য মহাসড়কেও যানবাহনের তীব্র চাপ রয়েছে।
টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার এসআই আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসড়কের কালিয়াকৈর থেকে পাকুল্লা পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। যানবাহনগুলো ধীর গতিতে চলছে।
ঘন কুয়াশা ও অতিরিক্ত গাড়ির চাপের কারণে এই যানজট সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
নির্বাচন পদ্ধতি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের মধ্যে মতোবিরোধ কারণে দীর্ঘদিন ধরে হরতাল- অবরোধ চলে আসছে। দশম জাতীয় সংষদ নির্বাচন সম্পন্ন হলেও রোববার থেকে লাগাতার অবরোধ আবার শুরু করার ঘোষণা আছে ১৮ দলীয় জোটের।
অবরোধের বিরতিতে মহাসড়কে জট
