২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষে মামলা, ৫ হাজার আসামি

চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষের সময় শ্রমিক নিহত ও ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 04:46 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

পাশাপাশি ঘটনা তদন্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

কর্ণফুলী থানার ওসি মহিউদ্দিন আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষ-ভাংচুর ও শ্রমিক নিহতের ঘটনায় পুলিশ বাদি হয়ে বৃহস্পতিবার রাতেই একটি মামলা করে।

“ওই মামলায় অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। রাতেই কারখানা মালিকের প্রতিনিধি, কোরিয়ান ইপিজেড প্রতিনিধি ও প্রশাসনের মধ্যে এ বিষয়ে সমঝোতা বৈঠকও হয়েছে।”

বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে পশ্চিম পটিয়ায় অবস্থিত কোরিয়ান ইপিজেডে ‘কে স্পোর্টস’ কারখানার শ্রমিকদের বেতন দেয়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানার বিভিন্ন সরঞ্জাম ভাংচুর করে। এসময় কমপক্ষে ২০ জন আহত হয়, নিহত হন এক নারী শ্রমিক।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (শুক্রবার) জেলা প্রশাসন থেকে পাঠানো চিঠিতে তিন কার্য দিবসের মধ্যে ঘটনার নির্বাহী তদন্ত করে প্রতিবেদন জমা দিতে আমাকে নির্দেশ দেয়া হয়েছে।

“বৃহস্পতিবার রাতের বৈঠকে কারখানা কর্তৃপক্ষ নিহত শ্রমিকের পরিবারকে ছয় লাখ টাকা ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার খরচ দেয়ার কথা জানিয়েছে।”

কোরিয়ান ইপিজেডের জনসংযোগ কর্মকর্তা সাঈফী আনোয়ারুল আজিমও এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের কথা জানিয়েছেন।