এক দুর্ঘটনায় ৭ গাড়ি, নিহত ২
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জে মহাসড়কে সাতটি গাড়ির সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকের এই দুর্ঘটনায় তিনটি ট্রাক, একটি মাইক্রোবাস, দুটি প্রাইভেটকার ও একটি মোটর সাইকেল ক্ষতিগ্রস্ত হয় বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার শিকার একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই আরোহী জীবন্ত দগ্ধ হন বলে উদ্ধার কাজে অংশ নেয়া অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তা মকবুল হোসেন জানিয়েছেন।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি এটিএম আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘন কুয়াশার কারণে কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় ৬ নম্বর ব্রিজের ওপরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়ে একটি মাইক্রোবাস, দুটি প্রাইভেটকার, একটি মোটর সাইকেল ও একটি ট্রাক পরপর এসে সেখানে সংঘর্ষ ঘটায়।
মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে জানিয়ে তিনি বলেন, এতে আগুন ধরে যায় মাইক্রোবাস ও প্রাইভেটকারটিতে। ট্রাক দুটি মহাসড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা ধরে যানজট থাকে।
সেতু থানার এসআই মোতালেব হোসেন জানান, আহত মাইক্রোবাস যাত্রী রবিউলকে বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্যরা হলেন- মোটর সাইকেল আরোহী চঞ্চল, সজিব, প্রাইভেটকার চালক হেলাল (বাড়ি ময়মনসিংহ), যাত্রী পুলিশের এএসআই নুর ইসলাম (কুড়িগ্রামের)। তাদের মহাসড়কের কড্ডা মোড়ে অবস্থিত ইস্কয়ার ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
দুর্ঘটনার পর বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানান তিনি।
অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা ছাড়াও সিরাজগঞ্জ, কামারখন্দ, বঙ্গবন্ধু সেতু থানার পুলিশ সদস্যরা উদ্ধার কার্যক্রমে অংশ নেন। যমুনা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যরাও এগিয়ে আসেন।
এদিকে ঘন কুয়াশার কারণে রাত ১১টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার শাহানগাছা এলাকায় কাঁচামালবাহী একটি মিনি ট্রাক খাদে পড়ে যায়।
এ ঘটনায় আহত চারজনকে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত চালক আশরাফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ফয়সাল আহমেদ জানিয়েছেন।
