২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ভুয়া ‘ক্যাপ্টেন’ আটক

রাজধানীতে সেনাবাহিনীর ‘ক্যাপ্টেন’ পরিচয়ে চাঁদাবাজির সময় এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 06:26 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বুধবার রাতে খিলগাঁওয়ের খিদমা হাসপাতালের সামনে থেকে আটক যুবকের নাম আরিফ খান জয় (৩৭)। তার কাছ থেকে নগদ অর্থ, পুলিশ ও সেনাবাহিনীর পোশাক, খেলনা পিস্তল ও ওয়াকিটকি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার র‌্যাব-৩ এর মেজর মো. খাদেমুল বাশার টিকাটুলি র‌্যাব কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “বুধবার রাতে আরিফ খিলগাঁও তিলপাপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. ইউনূসের কাছ থেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে  টাকা আদায় করছিল।

“খবর পেয়ে র‌্যাবের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হাতেনাতে আটক করে।

আটকের সময় আরিফের কাছ থেকে চাঁদাবাজির ১৭ হাজার টাকা, ক্যাপ্টেন পদবির র‌্যাংক সম্মিলিত সেনাবাহিনীর উইন্টার কোট, ক্যাপ একটি পুলিশের জ্যাকেট, একটি ওয়াকিটকি জব্দ করা হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা বাশার।

তিনি বলেন, কয়েকদিন আগেও প্রতারণার অভিযোগে রমনা থানা পুলিশ আরিফকে আটক করেছিল। ওই অভিযোগে কারাভোগের পর কয়েকদিন আগে মুক্তি পেয়ে আবার একই কাজে জড়িয়ে পড়েন তিনি।