২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে পুড়ল দুই হিন্দু বাড়ি

চট্টগ্রামের হাটহাজারীর আচার্যপাড়ায় দুটি হিন্দু বাড়ি আগুনে পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 02:33 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বুধবার গভীর রাতে উপজেলার সরকার হাটের এনায়েতপুর কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে হাটহাজারী থানার ওসি ইসমাইল হোসেন জানান।

দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে এলাকাবাসী দাবি করলেও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে।

তরুণ ভট্টাচার্য্য নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, আগুনে ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য অমিয় প্রভা আচার্যের বাড়িসহ দুটি বসত ঘর পুরোপুরি এবং একটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাটহাজারী ফায়ার স্টেশনের কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, রাত পৌনে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়।

আগুনে প্রায় সাত লাখ টাকার মালামাল পুড়ে গেছে জানিয়ে তিনি বলেন, “প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি।”