মওদুদদের কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
মতিঝিলে হেফাজতকাণ্ডে এসআই শাহজাহান হত্যাসহ তিন মামলায় মওদুদ আহমদসহ বিএনপির ছয় নেতার জামিন ও রিমান্ড নামঞ্জুর করে তাদের কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম মিজানুর রহমান বৃহস্পতিবার এই আদেশ দেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু এবং বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য মোট ২৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
অন্যদিকে বিএনপি নেতাদের পক্ষে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন।
শুনানি শেষে হাকিম দুই আবেদনই নাকচ করে দেন এবং সাত কার্য দিবসের মধ্যে তাদেরকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এদিকে গাড়ি পোড়ানোর এক মামলায় মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার রিমান্ড নাকচ করে তাকেও কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
মহানগর হাকিম অমিত কুমার দে এই আদেশ দেন।
পুলিশ খোকাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল। অন্যদিকে খোকার আইনজীবীরা জামিনের আবেদন করেছিলেন। দুই আবেদনই আদালত নাকচ করে দেন।
গত ২৮ অক্টোবর মোহাম্মদপুর বসিলা বেড়িবাঁধে পেট্রোল বোমা ছুড়ে গাড়ি পোড়ানোর অভিযোগে মোহাম্মপুর থানায় এ মামলা দায়ের করা হয়।
