২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান থেকে ‘সাম্প্রদায়িকতা’ বাদ দেয়ার দাবি

সংবিধান সংশোধন করে ‘সাম্প্রদায়িক’ অংশ বাদ না হলে দেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চলতেই থাকবে বলে মন্তব্য করেছের বেসরকারি সংস্থা ‘নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 10:45 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বুধবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধ কোন সাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য হয়নি। একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্যই আমরা স্বাধীন হয়েছিলাম। তাই সংবিধান থেকে সাম্প্রদায়িকতা বাদ না দেয়া পর্যন্ত বারবারই আমাদেরর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন করতে হবে।”

১৯৭২ সালের সংবিধানের চারটি মূলনীতির মধ্যে একটি ছিলো ‘ধর্মনিরপেক্ষতা’। পরে সামরিক শাসনামলে ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দিয়ে সংবিধানে রাষ্ট্রধর্মের বিষয়টি যুক্ত করা হয়।

দেশের বেশিরভাগ মানুষ অসাম্প্রদায়িক চেতনার হলেও ‘ধর্ম ব্যবসায়ীরা’ সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিচ্ছে মন্তব্য করে খুশি কবীর বলেন, “যতদিন রাজনীতিতে ধর্মের ব্যবহার থাকবে, ততদিন এ ধরনের হামলা চলবে।”

আইন করে দেশে ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

খুশি কবীর বলেন, “সংবিধানে প্রত্যেক নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে। প্রত্যেক নাগরিক সমান অধিকার পাবে এটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আমরা এজন্য সরকারের কাছে স্পষ্ট জবাব চাই।”

৫ জানুয়ারি ভোটের পর দিনাজপুর, যশোর, মাগুরাসহ বিভিন্ন স্থানে হিন্দু সম্পদ্রায়ের ওপর হামলার জন্য ইতোমধ্যে বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

সরকার ও নির্বাচন কমিশন এসব হামলা প্রতিরোধে কি ব্যবস্থা নিয়েছে- সংবাদ সম্মেলনে তা জানতে চান মানবাধিকার কর্মী খুশি কবীর।

রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, “যে দল যখন ক্ষমতায় আসে, দেখা যায় সে দলের নেতাকর্মীরাই সংখ্যালঘুদের সম্পদ দখলের চেষ্টা করেন সবচেয়ে বেশি।”

এ প্রসঙ্গে কক্সবাজারের রামুতে বৌদ্ধ ধর্মালম্বীদের ওপর হামলার ঘটনাও তিনি মনে করিয়ে দেন।

সংবাদ সম্মেলনে নিজেরা করির পক্ষ থেকে তিনটি দাবি উপস্থাপন করা হয়। এগুলো হচ্ছে- সাম্প্রদায়িক সন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ক্ষতিপূরণ ও আস্থা ফিরিয়ে আনা, হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং ধর্মভিত্তিক রাজনীতি আইন করে নিষিদ্ধ করা।