২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলার পরবর্তী শুনানি ১২ ডিসেম্বর

চলমান অবরোধ-হরতালের কারণে নির্বাচনের পর নির্ধারিত প্রথম দুই দিনেও আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার শুনানি অনুষ্ঠিত হয়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 08:03 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমান আগামী ১২ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

গত ২৬ নভেম্বর এ মামলার সর্বশেষ শুনানি হয়। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ যুক্তি তর্ক উপস্থাপন করছিলেন।

২৬ নভেম্বর শুনানি শেষে আদালত ৭ ও ৮ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন। কিন্তু অবরোধের কারণে এ দুদিন শুনানি হয়নি।

এ বিষয়ে পিপি কামাল উদ্দিন আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নিয়ে মোট ৩৬ দিন হরতাল-অবরোধের কারণে শুনানি হল না।

“এভাবে মামলা পরিচালনা অত্যন্ত কষ্টসাধ্য। এরকম চললে মামলা শেষ হতে আরো এক বছর সময় লাগবে।”

পিপি কামাল বলেন, সামারি ট্রায়ালে মামলায় যুক্তি তর্ক উপস্থাপনের বিধান নেই। তবুও বহুদিনের চর্চাবশত এধরনের মামলায় যুক্তি উপস্থাপন করা হয়।

“পরের শুনানির দিন আমি লিখিতভাবে যুক্তি উপস্থাপনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করব।”

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে রাষ্ট্রীয় মালিকানাধীন সারকারখানা সিইউএফএলের জেটিতে ট্রলার থেকে নামানোর সময় ১০ ট্রাক পরিমাণ অস্ত্র আটক করে পুলিশ।

বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে রাষ্ট্রপক্ষের আইনজীবী হুমায়ুন কবির রাসেলের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেয়।

অধিকতর তদন্ত শেষে ২০১১ সালের ২৬ জুন ১০ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় সম্পূরক অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা সিআইডির চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী।

সম্পূরক অভিযোগপত্রে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীসহ নতুন ১১ জনকে আসামি করা হয়। এতে মোট আসমির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২ জনে।

এরপর ২০১১ সালের ২৯ নভেম্বর আবার এই দুই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মোট ৫৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গ্রেপ্তার ও জামিনে থাকা ৩৮ আসামিকে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষা (এগজামিন) করে রাষ্ট্রপক্ষ। এরপর শুরু হয় যুক্তিতর্ক শুনানি।