শীতজনিত রোগে কুড়িগ্রামে ৭ শিশুর মৃত্যু
কুড়িগ্রামে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে সাত শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার কুড়িগ্রাম সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মোক্তার আলী বলেন, “শীতজনিত রোগে গত ৩ জানুয়ারি থেকে সাত শিশুর মৃত্যু হয়েছে।”
এর হচ্ছে ভুরুঙ্গামারী বাসুরকুটি’র বাবু (১দিন), ফুলবাড়ীর হাসি (১দিন), বড়ভিটার বেবি (১দিন) ও খড়িবাড়ীর বেবী (১দিন), সদরের ভোগডাঙ্গার বাবুল (৪দিন) ও টাপুর চরের সানিয়া (২দিন) এবং চিলমারীর শাহজামাল (১৩দিন)।
তীব্র শীতের কারণে প্রতিদিন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। এরমধ্যে প্রায় আড়াইশ’ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানান তিনি।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. লোকমান হাকীম জানান, তীব্র শীতের কারণে হাইপার টেনশন, শ্বাস কষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে।
শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
এছাড়া ৮৫টি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানান তিনি।
কুড়িগ্রাম জেলা প্রশাসক এবিএম আজাদ জানান, পরিস্থিতি সামাল দিতে ১০ হাজার ৬৪২টি কম্বল বিতরণ করা হয়েছে।
এছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থা ও ব্যক্তিগত উদ্যোগে কিছু শীতবস্ত্র বিতরণ করেছে।
চাহিদা বেশি থাকায় জেলা প্রশাসন জরুরিভাবে আরো ১০ হাজার কম্বল বরাদ্দ চেয়েছে।
