কিশোরগঞ্জে ১০ ঘণ্টা পর ট্রেন চালু
অবরোধ ও হরতালে রেল লাইনের ফিস প্লেট খুলে ফেলায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পর কিশোরগঞ্জে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
কিশোরগঞ্জের স্টেশন মাস্টার জয়ন্ত মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বেলা সোয়া ২টার দিকে ইঞ্জিন সরিয়ে লাইন মেরামতের পর কিশোরগঞ্জের সঙ্গে ঢাকা, সিলেট, চট্টগ্রামের রেল যোগাযোগ শুরু হয়েছে।
স্টেশন কর্তৃপক্ষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, মঙ্গলবার গভীর রাতের কোনো এক সময় রেল লাইনের ফিস প্লেট খুলে নেয়া হয়। এ কারণে বুধবার ভোর ৪টার দিকে বাজিতপুর উপজেলার হালিমপুর এলাকায় ‘নাসিরাবাদ এক্সপ্রেসের’ ইঞ্জিনটি লাইনচ্যুত হয়।
তাই ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ হয়ে ভৈরব পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে বিচ্ছিন্ন হয়ে যায় কিশোরগঞ্জ।
স্টেশন মাস্টার আরো বলেন, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইন মেরামত করে ইঞ্জিনটিকে সরিয়ে নেয়।
এদিকে, ভোর থেকেই বিভিন্ন স্টেশনে যাত্রী নিয়ে আটকা পড়া ট্রেনগুলো দুপুরের পর গন্তব্যে ছেড়ে গেছে।
