রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নসিমনের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রৈপাড়া এলাকায় রাজশাহী-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনায় নিহত নাইম ইসলাম (৬) রৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
দুর্ঘটনার পর এলাকাবাসী লাঠি-সোঠা নিয়ে রাজশাহী-দুর্গাপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।
দুর্গাপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, স্কুল ছুটির পর নাইম বাড়ি ফিরছিল। পথে একটি যাত্রীবাহী নসিমন তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর চালক নসিমন রেখে পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী লাঠি-সোঠা নিয়ে রাস্তা অবরোধ করে রাখে। এ সময় তারা নসিমনসহ পাঁচটি গাড়ি ভাংচুর করে।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও ওসি জানান।
