চট্টগ্রামে বিরোধী দলের ২২ জন গ্রেপ্তার
চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত ইসলামীর ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদের মধ্যে জামায়াতে ইসলামীর তিন কর্মীকে বুধবার দুপুরে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় মিছিল ও পিকেটিং করার সময় ধরা হয় বলে নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) আব্দুর রউফ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বেলা সোয়া ১২টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার সামনে ঝটিকা মিছিল করে যানবাহনে ভাংচুরের চেষ্টা চালানোর সময় তিন জামায়াতকর্মীকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- মো. আলাউদ্দিন, জামাল উদ্দিন ও ফয়সাল বিন মাহমুদ।
পাহাড়তলী থানার ওসি মো. আজিজুল হক জানান, মঙ্গলবার রাতে পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে পুলিশের ওপর পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত একজনসহ দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়।
এদিকে মঙ্গলবার রাতভর সীতাকুণ্ডে অভিযান চালিয়ে পৌর জামায়াতের সহ-সভাপতি মো. শফিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয় বলে সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান।
গ্রেপ্তাররা উপজেলার বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার আসামি বলে জানান তিনি।
এছাড়া সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে জামায়াত-শিবিরের ১০ জনকে গ্রেপ্তার করা বলে হয় ওসি খালেদ হোসেন জানান।
