চাঁদপুরে আ.লীগ- বিএনপি সংঘর্ষে আহত ২০
চাঁদপুর সদর উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
বুধবার দুপুরে ঘোষেরহাটে এ সংঘর্ষের সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি যানবাহন, স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ও দোকানপাটে ভাংচুর করে বিএনপি কর্মীরা।
এ সময় বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা বিএনপির সাবেক সাংসদ জি এম ফজলুল হকের বাসভবনে হামলা ও ভাংচুর চালায়।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের একটি মিছিল বাবুরহাট থেকে শুরু হয়ে ঘোষেরহাটে এলে বিএনপির পোস্টার-ব্যানার ছিড়ে ফেলে।
এতে ক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মীরা একত্রিত হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধাওয়া করে। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন বলে দুই দলের নেতারা জানান।
সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাংচুরের পাশাপাশি সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানের মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়।
