২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভোটবিরোধীদের হামলায় আহত যুবকের মৃত্যু

নির্বাচনের আগের দিন চট্টগ্রামের ফটিকছড়িতে বিরোধী দলের কর্মীদের হামলায় আহত হওয়ার তিন দিন পর এক যুবকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 01:55 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

বুধবার সকালে নগরীর মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাশেদুল আলম রাসেল (২৫)। তিনি ফটিকছড়ি পৌর মেয়র বাড়ির শামসুল হকের ছেলে। নগরীর একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি।

নিহতের আত্মীয় জাবেদ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোটের আগের রাতে নগরীতে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন রাসেল। হাটহাজারীর চারিয়া মাদ্রাসা এলাকায় তার ওপর দুর্বৃত্তরা হামলা চালায়।

হামলায় রাসেল মাথায় আঘাত পান বলে জানান হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাইল।

জাবেদ ইকবাল জানান, মাথায় আঘাত পাওয়ার পর তাকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নগরীর বেসরকারি হলি ক্রিসেন্ট হাসপাতাল এবং সব শেষ তাকে মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানেই বুধবার সকালে রাসেলের মৃত্যু হয় বলে জানান তিনি।

ওসি ইসমাইল বলেন, “ঘটনার পর থেকে বুধবার সকাল পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। তবে রাসেলের মৃত্যুর খবর পেয়ে আমরা তার বাড়িতে লোক পাঠিয়েছি।”

জাবেদ ইকবাল বলেন, “আমরা কোনো অভিযোগ করিনি। করবও না। মামলা করে কি হবে? ”