২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার এড়াতে মোটর সাইকেলে সানাউল্লাহ মিয়া

নেতাদের আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন করার পর নিজে গ্রেপ্তার এড়াতে মোটর সাইকেলে চেপে বসলেন বিএনপি সমর্থক আইনজীবীদের নেতা সানাউল্লাহ মিয়া।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 01:40 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে আটকের প্রতিবাদে বুধবার দুপুরে বার কাউন্সিল ভবনে একটি সংবাদ সম্মেলন হয় যাতে কাউন্সিলের সদস্য সানাউল্লাহ ছিলেন।

সংবাদ সম্মেলনের সময় বার কাউন্সিল ভবনের সামনে আসামি পরিবহনের একটি গাড়ি ও একটি জলকামানসহ পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।

সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে বার কাউন্সিল ভবনের সামনে দাঁড়ান সানাউল্লাহ মিয়া। এ সময় কনিষ্ঠ আইনজীবীরা স্লোগান দিতে চাইলেও নিষেধ করেন তিনি।

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ বলেন, “স্লোগান নয়, মামলায় লড়তে হবে। চলো নিম্ন আদালতে যাই।”

বাইরে পুলিশের তৎপরতা দেখে এক নারী আইনজীবী ছুটে এসে বলেন, “বের যদি হতে চান, তাহলে এখনি সাংবাদিকদের সঙ্গে বের হয়ে যান।”

ওই সময় গণমাধ্যমের কর্মীরা গাড়ি নিয়ে বা হেঁটে বার কাউন্সিল থেকে বের হচ্ছিলেন। সানাউল্লাহ মিয়াও তখন একটি মোটর সাইকেলে চেপে বসেন।

সানাউল্লাহ মিয়া যে মোটর সাইকেলে যান, তাতে মাঝে বসেন তিনি। তার সামনে-পেছনে বসা দুজনের কাঁধে ক্যামেরা থাকলেও তারা সাংবাদিক কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিএনপির প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও চলে যেতে দেখা যায়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুবের আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন খোকনকেও আটক করে পুলিশ।

বিএনপির আইনজীবী নেতাদের মধ্যে মওদুদ আহমেদ, রফিকুল ইসলাম মিয়াসহ কয়েকজন আটক হয়ে কারাগারে রয়েছেন।

বিএনপির আইনজীবী নেতাদের মুক্তি দাবিতে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সানাউল্লাহ মিয়া (ফাইল ছবি)

বিএনপির আইনজীবী নেতাদের মুক্তি দাবিতে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সানাউল্লাহ মিয়া (ফাইল ছবি)

বিএনপির আইনজীবী নেতাদের মুক্তি দাবিতে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সানাউল্লাহ মিয়া (ফাইল ছবি)

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের মধ্যে বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাকে আটকের পর অন্য নেতাদেরও প্রকাশ্যে দেখা যাচ্ছে না।

গ্রেপ্তার এড়াতে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকেও গ্রেপ্তার এড়াতে সাংবাদিকদের মোটর সাইকেলের শরণ নিতে দেখা গেছে।

‘আইনজীবীরা উৎকণ্ঠিত’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বার কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী বলেন, “খন্দকার মাহবুব হোসেনকে গ্রেপ্তারের মাধ্যমে গণতন্ত্রকে রুদ্ধ করে একদলীয় শাসনের পথে এগিয়ে যাচ্ছে সরকার। সরকারের এই আচরণে আইনজীবী সমাজ ব্যাপকভাবে উৎকণ্ঠিত।”

তিনি অবিলম্বে খন্দকার মাহবুব হোসেনসহ সব আইনজীবীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। খন্দকার মাহবুবও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।

মাহবুবকে ঢাকা মহানগর পুলিশকমিশনারের কার্যালয়ে বোমা ছোড়ার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

মাহবুবউদ্দিন খোকন গ্রেপ্তার হওয়ার পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিবের দায়িত্ব পালনকারী সানাউল্লাহ মিয়া বলেন, “খন্দকার মাহবুব হোসেন কখনো দলীয় কর্মসূচি ঘোষণা করেছেন, কখনো আইনগত দিক ব্যাখ্যা করেছেন।

“কিন্তু তিনি এমন কোনো অপরাধ করেননি, যাতে অপরাধ সংগঠিত হয়।”

“আমরা আইনজীবীরা আইনগত দিক নিয়ে কথা বলি। রাজনীতি করলে বাইরে করি।”

এভাবে আইনজীবীদের গ্রেপ্তার করলে ভবিষ্যতে সমাজে ন্যায়-অন্যায় নিয়ে কোনো প্রতিবাদ হবে না, বলেন সানাউল্লাহ মিয়া।