২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হাতবোমা বিস্ফোরণ ও সড়কে আগুন

নির্বাচন বাতিলের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালে বরিশালে হাতাবোমা ফাটিয়েছে ও সড়কে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে ছাত্রদল।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 01:38 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর বগুড়া রোড কাজী অফিস এলাকায় একটি মিছিল বের করে ছাত্রদল।

মিছিলটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিনের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে সড়কে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে ছাত্রদল কর্মীরা। এ সময় দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

তবে কোতয়ালী মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বগুড়া রোড এলাকায় হরতালের পক্ষে কোন মিছিল হয়নি। ২/৩ জন মোটরসাইকেল আরোহী চলন্ত মোটরসাইকেল থেকে হাতবোমা ফাটিয়েছে এমন খবর শুনেছেন তারা।

এদিকে হরতালের বরিশালে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে লঞ্চ।তবে এতে যাত্রী ছিল তুলনামূলক কম।

হরতালে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীন ও দূরপাল্লার কোন বাস ছাড়ে নি।

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। সেনা সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।