গাইবান্ধার ডিসি পরিবর্তন
৫ জানুয়ারির ভোটে ব্যাপক গোলযোগে তিনটি আসনের ফল স্থগিতের প্রেক্ষাপটে গাইবান্ধার জেলা প্রশাসক পরিবর্তন করা হয়েছে।
সেখানকার মো. জহিরুল ইসলাম রোহেলকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে।
অন্যদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপ-সচিব) মো. এহছানে এলাহীকে গাইবান্ধার ডিসি করে বুধবার আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচনে গাইবান্ধার তিনটি আসনের ২০৬টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
ভোটের সময় এই জেলার বিভিন্ন স্থানে নির্বাচন কর্মকর্তাদের ওপর হামলা, ব্যালট পেপার ছিনতাই ও পোড়ানোর ঘটনা ঘটে।
ভোটের পর দিন সোমবার গাইবান্ধার ডিসিকে প্রত্যাহারের জন্য সরকারকে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।
গাইবান্ধার পলাশবাড়ির টাউন হল ভোট কেন্দ্র। হাতবোমা বিস্ফোরণের পর এই কেন্দ্রে ভোট বন্ধ হয়ে যায়।
ভোট ঠেকাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কেটে দেয়া রাস্তা।
ভোটে গোলযোগের পর গাইবান্ধার চারটি উপজেলার নির্বাহী কর্মকর্তাকেও বদলির নির্দেশ দিয়েছে ইসি।
তারা হলেন- সাদুল্লাপুরে ইউএনও সৈয়দ ফরহাদ হোসেন, পলাশবাড়ীর ইউএনও তোফাজ্জল হোসেন, গোবিন্দগঞ্জের ইউএনও আশরাফুজ্জামান ও সুন্দরগঞ্জের ইউএনও আহসান হাবীব।
রংপুর বিভাগীয় কমিশনার তাদের বদলির আদেশ দিয়েছেন বলে মঙ্গলবার সাংবাদিকদের জানান গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক আবু বক্কর সিদ্দিক।
গোলযোগের কারণে স্থগিত গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ), গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) এবং গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) আসনের কেন্দ্রগুলোতে ১৬ জানুয়ারি পুনরায় ভোটগ্রহণ হবে।
