২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকে পেট্রোল বোমায় নিহত ২

সিরাজগঞ্জে আলু বোঝাই একটি ট্রাকে হরতালকারীদের ছোড়া পেট্রোল বোমায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

মুজাহিদ ইসলাম জয়

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 12:40 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

নির্বাচন বাতিলের দাবিতে বিরোধী দলীয় জোটের হরতাল-অবরোধের মধ্যে মঙ্গলবার রাত ৮টার দিকে সলঙ্গা থানার হোড়গাড়ি এলাকায় নলকা-হাটিকুমরুল মহাসড়কে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত আলু ব্যবসায়ী ইমরান হোসেন (২২) বোমায় দগ্ধ হয়ে এবং মিলন (২৫) ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মেদ।

ইমরান বগুড়ার শিবগঞ্জ উপজেলার গনেশপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। মিলন (২৫) একই এলাকার লুৎফর রহমানের ছেলে।

ওসি ফরিদ জানান, বগুড়া থেকে আলু বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে আসার পথে ট্রাকটি সলঙ্গার হোড়গাড়ি এলাকায় পৌঁছালে হরতালকারীরা তাতে পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে পড়ে।

“ট্রাকের কেবিনে থাকা ইমরানের দ্বগ্ধ মৃতদেহ তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়। ট্রাকের নিচে পড়ে থাকা মিলনের মৃতদেহ বুধবার সকালে উদ্ধার করা হয়,” বলেন তিনি।

ট্রাকে মোট ছয়জন ছিলেন। আহত চার জনের মধ্যে একজন দ্বগ্ধ হয়েছেন এবং বাকিরা ট্রাকের নিচে পড়ে আহত হন।

তাদের সলঙ্গার হাটিকুমরুল মোড়ের একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বগুড়ায় পাঠানো হয়।

আগুনে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পাবনায়ও আগুন-ভাংচুর

মঙ্গলবার রাতে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের রূপপুর মুন্নার মোড়ে এসএ পরিবহনের একটি কভার্ড ভ্যানে অগ্নিসংযোগ ও কয়েকটি ট্রাকে ভাংচুর চালিয়েছে হরতালকারীরা।

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে  বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীরা মহাসড়কে ৪/৫ টি ট্রাক ভাংচুর করে। এ সময় এসএ পরিবহনের একটি কভার্ড ভ্যানে তারা আগুন ধরিয়ে দেয়।

আগুনে ভ্যানের কিছু অংশ পুড়ে গেলেও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে বলে জানান ওসি।