গাইবান্ধার চার কর্মকর্তাকে বদলির নির্দেশ
দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ব্যাপক গোলযোগের পর গাইবান্ধার চারটি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
তারা হলেন- সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন, পলাশবাড়ীর ইউএনও তোফাজ্জল হোসেন, গোবিন্দগঞ্জের ইউএনও আশরাফুজ্জামান ও সুন্দরগঞ্জের ইউএনও আহসান হাবীব।
মঙ্গলবার সন্ধ্যায় রংপুর বিভাগীয় কমিশনার তাদের বদলির আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক আবু বক্কর সিদ্দিক।
তিনি জানান, আগামী ৯ জানুয়ারির মধ্যে তাদেরকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত হতে হবে।
রোববার অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার চারটি আসনের মধ্যে তিনটিতে অনেকগুলো ভোটকেন্দ্রে গোলযোগ হওয়ায় ওই আসনগুলোর ফল স্থগিত করা হয়েছে, যেগুলোতে ১৬ জানুয়ারি আবার ভোট হবে।
এগুলো হল গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ), গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) এবং গাইবান্ধা-০৪ গোবিন্দগঞ্জ।
ভোটের দিন বিএনপি-জামায়াতের কর্মীরা এসব কেন্দ্রে ব্যালট পেপার, বাক্স ও ভোট কেন্দ্র আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং নির্বাচনী কর্মকর্তাদের মারধর করে। এছাড়া তারা রাস্তা কেটে ও গাছ ফেলে রেখে যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এসব কারণে ভোট উপকরণ না পৌঁছানোয় কারণে এই কেন্দ্রগুলোতে ভোট হয়নি।
