২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বিএনপি-জামায়াত ও যুবলীগের সংঘর্ষ

গাইবান্ধা সদরের কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা কামারের টারী গ্রামে সংখ্যালঘুদের উপর হামলার জেরে বিএনপি-জামায়াতের সঙ্গে যুবলীগ সমর্থকদের সংঘর্ষ হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 10:08 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

মঙ্গলবার কামারের টারী গ্রামে এ সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কুপতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দলের সদর থানা সভাপতি রফিকুল ইসলাম সরকারকে (৪২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং গাটু শেখ (৪০),  ননী গোপাল কর্মকার, নরেশ চন্দ্র কর্মকার, যুবলীগকর্মী খালেক মিয়া (৩৫), মাসুদ মিয়া (৩২) ও মিঠু মিয়াকে (২৬) গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাতে নির্বাচন বিরোধীরা দুটি বাড়ি এবং তিনটি দোকান ভাংচুর করে। এ সশয় আহত হয় দুজন।

গাইবান্ধা সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং প্রচুর সংখ্যক র‌্যাব, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুপতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জানান, রোববার ভোট কেন্দ্রে না যেতে এলাকাবাসীকে বিএনপি-জামায়াত কর্মীরা আগে থেকেই হুমকি দিয়ে আসছিল। কিন্তু নিষেধ না মেনে ভোট দেয়ায় তাদের উপর সোমবার রাতে এ হামলা করা হয়।

হামলায় ননী গোপাল কর্মকার ও নরেশ চন্দ্র কর্মকারের বাড়ি এবং পরিমল চন্দ্র বর্মণ, নিতাই চন্দ্র বর্মণ ও কৃষ্ণ চন্দ্র বর্মণের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরো জানান, ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করলে ইউপি চেয়ারম্যান তার লোকজন নিয়ে মিছিলে ধাওয়া করে। এতে দুইপক্ষের সংঘর্ষে তাদের তিন জন আহত হয়।

এ ব্যাপারে কুপতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দলের সদর থানা সভাপতি রফিকুল ইসলাম সরকার জানান, ওই ঘটনার পর মঙ্গলবার দুপুরে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে কুপতলা রেল স্টেশনের দিকে যাওয়ার পথে স্টেশনের অদূরে তিনি মিছিলের সামনে পড়লে তাকে ধাওয়া করে।

তিনি একটি বাড়িতে আশ্রয় নিলেও সেখানে তাকে মারপিট করে এবং ওই বাড়ি ভাংচুর করে।

খবর পেয়ে বিএনপির লোকজন এলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনিসহ তাদের দুইজন আহত হন।