বাঁশখালীতে হামলায় আহত আ. লীগ নেতা
চট্টগ্রামের বাঁশখালীতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ওপর ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম চাম্বল এলাকায় হামলায় আহত আবুল কাশেম চৌধুরী (৪০) চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাশেমের পরিবারের ঘটনাটিতে রাজনৈতিক প্রতিহিংসা বললেও পুলিশের দাবি, পারিবারিক ও ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হামলা হয়েছে।
আহত কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে ওঁৎ পেতে থাকা কয়েকজন শিবিরকর্মী তার ওপর হামলা চালায়।
মাথায় ও পায়ে আঘাত পেয়েছেন কাশেম।
বাঁশখালী থানার ওসি কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হেফাজত ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।”
